॥ মো. সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালায় বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের উদ্যোগে চক্ষু অপারেশন-পরবর্তী রোগীদের ফলো-আপ মেডিকেল ক্যাম্পেইন করা হয়েছে।
শুক্রবার (৭আগস্ট) দীঘিনালা জোন সদর দপ্তরে এই কার্যক্রম পরিচালিত হয়।উক্ত কর্মসূচিতে চট্টগ্রামের লায়ন্স চ্যারিটেবল আই হাসপাতালের দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক ও একজন প্যারামেডিক অংশগ্রহণ করেন। তারা গত ২৫ জুলাই লায়ন্স চ্যারিটেবল আই হাসপাতালে চক্ষু অপারেশন সম্পন্ন হওয়া ২৮ জন রোগীর (পাহাড়ি ১৩ জন ও বাঙালি ১৫ জন) ফলো-আপ স্বাস্থ্য পরীক্ষা করেন।
পরীক্ষাকালে রোগীদের অপারেশন-পরবর্তী শারীরিক অবস্থা মূল্যায়ন করা হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা, পরবর্তী পরিচর্যা সংক্রান্ত পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হয়। এছাড়া রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
দীঘিনালা জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসারের (আরএমও) তত্ত্বাবধানে পরিচালিত এ কার্যক্রমের মাধ্যমে অপারেশন-পরবর্তী রোগীদের নিয়মিত চিকিৎসা তদারকি নিশ্চিত করা হয়। উপস্থিত রোগী ও তাদের স্বজনরা এ মানবিক উদ্যোগের জন্য বাংলাদেশ সেনাবাহিনী ও লায়ন্স চ্যারিটেবল আই হাসপাতাল, চট্টগ্রামের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় বসবাসরত জনগণের মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
