॥ ঝুলন দত্ত, কাপ্তাই ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় টানা অতিবৃষ্টির কারণে একটি বসতঘরের একাংশ ধসে পড়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৪টার দিকে কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ঢাকাইয়া কলোনী এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম।
ক্ষতিগ্রস্ত ব্যক্তি মো. ইউনুস (৫০)। তিনি কাপ্তাই উপজেলার নতুন বাজার এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। বসতঘরটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
জানা গেছে, কর্ণফুলী নদীর তীরবর্তী এলাকায় অবস্থিত বসতঘরটির নিচের মাটি টানা বৃষ্টির কারণে নরম হয়ে ধসে পড়লে ঘরের এক পাশ ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন এর নির্দেশনায় লিডার রেজাউল করিমের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধসে পড়া মাটি অপসারণ করে এবং এলাকার চলাচলের রাস্তা স্বাভাবিক করে।
এদিকে, ঘটনার খবর পেয়ে এদিন বিকেল ৫টায় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলামে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন। এসময় কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
