॥ লামা প্রতিনিধি ॥
বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে গত ৯ জুলাই মিশন পাড়ায় ভয়াবহ পাহাড় ধসে ৫ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকসন্তপ্ত ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেছেন বান্দরবান-৩০০নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এমপি।
তিনি নিহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের হাতে নগদ ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা তুলে দেন। এ সময় তিনি শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানান এবং তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
শনিবার (১১ জুলাই) দুপুর ১২টার সময় ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের পরিবারের হাতে এ নগদ অর্থ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন ও লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায়ছার হামিদ, লামা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আমির হোসেনসহ জেলা উপজেলার দলীয় বিভিন্ন নেতাকর্মীরা।
এ ছাড়া পাহাড় ধসে গুরুতর আহত চিকিৎসাধীন আজিজনগর ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার রেহেনা আক্তারকে ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
