॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে পাহাড় ধ্বস এবং বন্যায় ক্ষতিগ্রস্ত ৮০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী রাঙ্গামাটি সদর জোন।
শনিবার (১১ জুলাই) সকালে রাঙ্গামাটি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ একরামুল রাহাত, পিএসসি রাঙ্গামাটি সদর উপজেলার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আশ্রয় কেন্দ্র, সাপছড়ি ইউনিয়ন পরিষদ আশ্রয় কেন্দ্র এবং কাউখালী উপজেলার আর টি এম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘাগড়া আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন ও ভুক্তভোগী মানুষের খোঁজখবর নেন। এ সময় তিনি তিনটি আশ্রয় কেন্দ্রের ৮০টি পরিবারের ২০৪ জন সদস্যের জন্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এ সময় মানিকছড়ি আর্মি ক্যাম্প ও ঘাগড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডারগণ এবং সাপছড়ি ইউনিয়ন পরিষদ ও ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় রাঙ্গামাটি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ একরামুল রাহাত পিএসসি বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সেনাবাহিনী পার্বত্য এলাকার মানুষের পাশে থেকে সেবামুলক কার্যক্রম পরিচালনাসহ আর্তসামাজিক উন্নয়নে কাজ করছে। দুর্যোগকালীন সময়ে তিনি সকলকে ধৈর্য্য ধরার আহবান জানান এবং সংকটময় মুহুর্তে সেনাবাহিনী পাশে থেকে সকল প্রকার সহযোগিতা অব্যাহত রাখবেন বলে জানান।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় চলমান দুর্যোগ পরিস্থিতিতে রাঙ্গামাটি সদর জোন কর্তৃক ক্ষতিগ্রস্ত জনগণকে উদ্ধার, নিরাপদ স্থানে স্থানান্তর এবং ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
