নির্বাচিত হলে পার্বত্য এলাকাকে সম্প্রীতির জেলায় পরিনত করবো-এ্যাড. দীপেন দেওয়ান

78

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি ২৯৯নং সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে পার্বত্য এলাকাকে সম্প্রীতির জেলায় পরিনত করবো। বিএনপি জনগনের কল্যাণের রাজনীতি করে। তিনি আরো বলেন, ফ্যাসিস্ট সরকার বিগত সময়ে উন্নয়নের নামে লুটপাট করেছে বলে জনগন তাদের আস্তাকুড়ে নিক্ষেপ করেছে। বিএনপি ক্ষমতায় আসলে পার্বত্য চট্টগ্রামের প্রতিটি অঞ্চলে উন্নয়ন করা হবে।
সোমবার (১ ডিসেম্বর) সকালে বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থনে বরকল উপজেলাধীন সুভলং ও বরকল ইউনিয়ন বিএনপির যৌথ আয়োজনে উপজেলার কুরকটি বাজার মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান এসব কথা বলেন।
২ নং বরকল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ উপজাতি বিষয়ক সম্পাদক কর্ণেল (অবঃ) মণীষ দেওয়ান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ সভাপতি সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, যুগ্ম সম্পাদক মজিবুল হল, উপজাতি বিষয়ক সম্পাদক রনেল দেওয়ান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ বাচ্চু মিয়া, জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির, রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আল আমিন, ২নং বরকল ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড মেম্বার শিবলী চাকমা প্রমুখ।
এ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, এখানে এসে আপনাদের বিভিন্ন সমস্যার কথা শুনলাম। বিএনপি সরকার গঠন করলে এখানকার সকল সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা করা হবে। তিনি বলেন, এই অঞ্চলের আরো একটা প্রধান সমস্যা হলো বন্য হাতির আক্রমণ। এই বিষয়ে আমি ডিএফও এবং সিএফ এর সাথে কথা বলেছি।আপনারা যদি বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত হন তাহলে আপনারা সরকারের নিকট থেকে ক্ষতিপুরন পাওয়ার জন্য আবেদন করবেন, যেন তাৎক্ষনিকভাবে উপযুক্ত ক্ষতিপূরণ পান সে ব্যপারে আমি আপনাদের সহায়তা করবো। মতবিনিময় শেষে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা করেন।