নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি – রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেছেন, পার্বত্য চট্টগ্রামে ম্যালেরিয়া রোধে এ সর্ম্পকে সকলকে সচেতন হয়ে কাজ করতে হবে। একমাত্র সচেতনতার মাধ্যমেই ম্যালেরিয়া রোধ করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনষ্টিটিউটে জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচীর আওতায় ম্যালেরিয়া কর্মসূচী বিষয়ক রাঙ্গামাটি জেলা পর্যায়ে দিনব্যাপী এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, সমতলের চাইতে পার্বত্য অঞ্চল ম্যালেরিয়া রোগের ঝুঁকি বেশী। তাই ম্যালেরিয়ার বিষয় নিয়ে পাহাড়ের প্রত্যন্ত এলাকায় সচেতনতামূলক কার্যক্রম আরো বেশী জোড়দার করতে হবে।
রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ্যাডভোকেসি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক দিলরুবা সুলতানা, রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রনজিৎ কুমার পাল, ম্যালেরিয়া এলিমিনেশন এন্ড এটিডি কন্ট্রোল প্রোগ্রামের ডিপিএম ডাঃ এমএম আখতারুজ্জামান ও রাঙ্গামাটি ডেপুটি সিভিল সার্জন ডাঃ নিহার রঞ্জন নন্দী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন ডাঃ এন্ড্রো বিশ্বাস।
সভায় অন্যান্য বক্তারা বলেন, সমতলের চাইতে পার্বত্য অঞ্চল ম্যালেরিয়া রোগের জন্য ঝুঁকি বেশী হলে ও বিগত ও চলমান বছরে ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে কোন রোগীর মুত্যু হয়নি, বিষয়টি অত্যন্ত পজেটিভ। ম্যালেরিয়া নির্মূল কর্মসূচী সফল করতে হলে জনগণকে আরো সচেতন করে তুলতে পারলে পার্বত্য চট্টগ্রাম থেকে ম্যালেরিয়া পুরোপুরি নিমুর্ল করা সম্ভব বলে মতামত ব্যক্ত করেন বক্তারা।
