রাঙ্গামাটির ওষুধের দোকানগুলোতে সার্জিক্যাল মাস্ক ও ওষুধের দাম বেশি নেয়ার অভিযোগ

500

রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটির ওষুধের দোকানগুলোতে সার্জিক্যাল মাস্ক ও ওষুধের দাম বেশি নেয়ার অভিযোগ উঠেছে। হঠাৎ চাহিদা বৃদ্ধি পাওয়ায় নির্ধারিত মূল্যের কয়েকগুণ বেশি দামে বিক্রি হচ্ছে মাস্ক। বাজারে হঠাৎ মাস্কের চাহিদা বেড়ে যাওয়ায় প্রভাব পড়েছে দামে। দেশে প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ না ঘটলেও বাড়তি সতর্কতা হিসেবে মাস্ক পরছেন রাঙ্গামাটিবাসী।
করোনা ভাইরাসের কারণে মুখে সার্জিক্যাল মাস্ক ব্যবহারের জন্য চিকিৎসকরা পরামর্শ প্রদান করায় এলাকার বসবাসরত মানুষেরা সার্জিক্যাল মাস্ক কিনতে ওষুধের দোকান ও ষ্টেশনারী দোকানগুলোতে গেলে এইসব মাস্ক বেশী দামে বিক্রি হচ্ছে বলে জানান ভুক্তভোগীরা।
বিভিন্ন জায়গার ফার্মেসিগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, ৫ টাকা দামের সার্জিক্যাল মাস্ক বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়, ১০ টাকা দামের কাপড়ের মাস্ক ৮০ থেকে ১০০ টাকা, ২০ টাকার কাপড় ও ফোম মিশ্রিত মাস্কের দাম চাওয়া হচ্ছে বাজারভেদে ১০০ থেকে ১২০ টাকা। দাম যাই হোক কিন্ত কোনো দোকানে এগুলোর দেখাই মিলছে না।
এদিকে, চরম হতাশা ব্যাক্ত করে ভুক্তভোগী সাধারণ মানুষরা জানান, কয়েকদিন আগেও যে মাস্ক বিক্রি হতো ১০-২০ টাকায় তা এখন দেড়শো টাকা। কাপড়ের তৈরি সাধারণ মাস্ক বিক্রি হচ্ছে চল্লিশ টাকায়। হঠাৎ করে মাস্কের দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষরা মাস্ক কিনতে পারছে না। আবার শহরের অনেক দোকানে গিয়ে দেখা গেছে সবগুলো মাস্ক বিক্রি হয়ে গেছে। এব্যাপারে তারা প্রশাসনের নজরদারী বাড়ানো দরকার বলে মনে করছেন তারা।
দাম বৃদ্ধির জন্য আমদানি বন্ধ থাকাকে অজুহাত হিসাবে দেখাচ্ছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানান, মাস্কের চাহিদা বেড়ে যাওয়ায় মাক্সের সংকট দেখা দিয়েছে হ্যান্ড স্যানিটাইজার সামগ্রিরও। শহরের বেশ কয়েকটি দোকান মালিক জানিয়েছেন, কোম্পানিদের কাছে অর্ডার দেয়া হয়েছে। দু‘এক দিনের মধ্যেই চাহিদা পূরণ হবে। আর চাহিদা পুরণ হলে দাম কমে আসবে বলে আশা প্রকাশ করেন ব্যবসায়ীরা।
মাস্ক ব্যবহারেও নিয়ম-কানুন মেনে চলার দরকার আছে উল্লেখ করে রাঙ্গামাটি নবাগত সিভিল সার্জন ডা. বিপাশ খীসা বলেন, ‘যারা করোনাভাইরাস সংক্রমিত হয়েছেন তাদের সংস্পর্শে গেলেই অন্যদের সংক্রমণের ভয় আছে। সংক্রমণের শিকার রোগীকেই শুধু মাস্ক ব্যবহার করতে হবে আর তার আশপাশের লোকজনদের। রাস্তাঘাটে ঘুরে বেড়ানোর জন্য সুস্থ মানুষের মাস্ক ব্যবহারের দরকার নেই।
যে কোনো মাস্ক না পরে সার্জিক্যাল মাস্ক পরার ওপর গুরুত্ব আরোপ করে তিনি আরো বলেন, যে কোনো মাস্ক কার্যকরি না, যেসব মাস্ক নাকের ওপর দিয়ে পুরোপুরি মুখটা বন্ধ করতে পারবে সেসব মাস্ক পরতে হবে। সবগুলো মাস্ক বিজ্ঞান সম্মত মাস্ক নয়। সব মাস্ক করোনাভাইরাসকে প্রোটেকশন দিতে পারবে না। যেখানে দরকার সেখানে মাস্ক ব্যবহার করতে হবে। সারাক্ষণ মাস্ক মুখে দিয়ে ঘুরে বেড়ানোর দরকার নেই। সারাক্ষণ মাস্ক পরলে ময়লা জীবানুগুলো আটকে যাবে তাহলে আরো সমস্যা বাড়তে পারে বলে জানান তিনি।