॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার পার্বত্য এলাকার সম্প্রীতিকে সবার ওপরে রেখে সুবিধাবঞ্চিত মানুষের সুষম উন্নয়ন করতে চায়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে বান্দরবানে একদিনের সরকারি সফরে এসে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের পরিদর্শন, ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন কার্যক্রম শেষ করে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি এমন মন্তব্য করেন। এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার টেকসই উন্নয়ন কর্মকান্ডে বিশ্বাসী আর সেই বিশ্বাসেই কাজ করে যাচ্ছে।
এসময় প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য এলাকার ভূমি সমস্যার সমাধান ও ভূমি ব্যবস্থাপনার উন্নয়নে স্থানীয় দায়িত্বশীল সকল প্রতিষ্ঠানকে নিয়ে কাজ করে ভূমির বিভিন্ন সমস্যা নিরসন ও উন্নয়ন করা হবে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) অনুপ কুমার চাকমা, সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে.কর্নেল মোহাম্মদ কামরুল হাসান খান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত সহ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা এবং সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
এসময় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বান্দরবান এমডিএস হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন, এমডিএস হাসপাতালের ভবন সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর ও বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ছাত্রাবাস ভবনের উদ্বোধন করেন ও বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন। পরে তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কার্যালয়ে বান্দরবানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ, সেলাই মেশিন, কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন।
