পূজনীয় অর্থদর্শী ভান্তের ৩২তম শুভ জন্মদিনে মহাসংঘদান ও পুণ্যানুষ্ঠান, প্রধান দায়ক দীপন তালুকদার

18

॥ নিজস্ব প্রতিবেদক ॥
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও পুণ্যসঞ্চয়ের মধ্যদিয়ে পালিত হয়েছে পূজনীয় অর্থদর্শী (বটপাতা) ভান্তের ৩২তম শুভ জন্মদিন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে কাউখালী উপজেলার মিতিংগাছড়ি কুটিরে এ উপলক্ষে আয়োজিত মহাসংঘদান পুণ্যানুষ্ঠানে প্রধান দায়ক হিসেবে যোগ দেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদারসহ তার সহধর্মীনী ও জেলা পরিষদের সদস্যরা।
পুণ্যানুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষু সংঘের উদ্দেশ্যে দান-দক্ষিণা ও ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এ সময় ভান্তের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও ধর্মীয় কল্যাণ কামনা করে প্রার্থনা করা হয়। ধর্মীয় অনুষ্ঠানে চেয়ারম্যান দীপন তালুকদার পূজনীয় অর্থদর্শী ভান্তকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর জন্মদিনে আন্তরিক শ্রদ্ধা, দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও শুভকামনা ব্যক্ত করেন। এসময় চেয়ারম্যান ধর্মীয় সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও সমাজে শান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের অহিংসা ও মৈত্রীর বাণী অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ফুলেল শুভেচ্ছা ও কেক কাটার মাধ্যমে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় পরিষদের সদস্য শাশ্বত চাকমা রিংকু, সদস্য বিল্টু চাকমা, সদস্য সুবিমল চাকমা, সদস্য পাইচিংমং মার্মা ও দেবজ্যোতি চাকমা উপস্থিত ছিলেন।
আয়োজক ও ভক্তদের প্রত্যাশা-ধর্মীয় চর্চা ও মানবকল্যাণের এই ধারাবাহিকতা সমাজে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য আরও সুদৃঢ় করবে।