বাঘাইছড়িতে রেড ক্রিসেন্টের উদ্যোগে বন্যা দুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

59

॥ বাঘাইছড়ি প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী ৫০০টি দুর্গত পরিবারের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উপজেলা মিলনায়তনে এইসব ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য নিজাম উদ্দিন বাবু’র সভাপতিত্বে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙ্গামাটি জেলা শাখার ভাইস প্রেসিডেন্ট শফিউল আলম।
এসময় অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, সাইফুল ইসলাম শাকিল, সাধারণ সম্পাদক, রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙ্গামাটি জেলা শাখা ও সাংগঠনিক সম্পাদক, রাঙ্গামাটি জেলা বিএনপি, ওমর আলী, সভাপতি, বাঘাইছড়ি উপজেলা বিএনপি। জাবেদুল আলম, সাধারণ সম্পাদক, বাঘাইছড়ি উপজেলা বিএনপি। বদিউল আলম বদি, সাংগঠনিক সম্পাদক, বাঘাইছড়ি উপজেলা বিএনপি। সেলিম উদ্দিন বাহারী, কৃষি বিষয়ক সহ-সম্পাদক, রাঙ্গামাটি জেলা বিএনপি ও সদস্য, বাঘাইছড়ি উপজেলা বিএনপি। অনুষ্ঠানে বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত প্রায় ৫৫০-৬০০ জন সুবিধাভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে বন্যা দুর্গত প্রতিটি পরিবারের হাতে ৭ দিনের প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর ১ সেট প্যাকেজ (চাল, ডাল, তেল ইত্যাদি), ১টি ত্রিপল (অস্থায়ী আশ্রয়ের জন্য), এবং ১ সেট ডিগনিটি কিট (স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সামগ্রী) তুলে দেওয়া হয়।
ত্রাণ বিতরণকালে বক্তারা বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো রেড ক্রিসেন্টের মূল লক্ষ্য। বাঘাইছড়ির সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট লাঘবে এই সহায়তা অব্যাহত থাকবে। ত্রাণ পেয়ে সন্তোষ প্রকাশ করেন বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।