রোয়াংছড়ির তারাছার ছাইঙ্গ্যায় বন্যাদুর্গত ১৬২ পরিবারের পাশে বিএনপি

39

॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের ছাইঙ্গ্যা এলাকার বিভিন্ন পাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৬২ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জেলা বিএনপি। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে আয়োজিত এ কর্মসূচিতে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে রোয়াংছড়ি উপজেলার ছাইঙ্গ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ত্রাণ বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র নেতা লুসাইমং মারমা, জসিম উদ্দিন তুষার, চনুমং মারমা, সরোয়ার জামান, তারাছা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মংবাথোয়াই মার্মা, ওয়ার্ড বিএনপির সভাপতি নুর মোহাম্মদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এসময় বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা বলেন, প্রাকৃতিক দুর্যোগে সবসময় অসহায় মানুষের পাশে থাকবে বিএনপি। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে জেলা বিএনপি ধারাবাহিকভাবে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তিনি আরো বলেন, দুর্যোগ কবলিত মানুষের পাশে থেকে তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতেও যেকোন দুর্যোগে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।
ত্রাণ বিতরণ শেষে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জেলা বিএনপির এ মানবিক সহায়তার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।