॥ রুমা প্রতিনিধি ॥
বান্দরবানের রুমায় বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে নারীসহ দুই পর্যটক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত বারোটার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, মোঃ জামির উদ্দিন (৩০) ও রুপাইয়া আক্তার রুপা (৩১)। নিহত জামির উদ্দিন ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার মানিকারহাট বড় মানিকা এলাকার জহির উদ্দিনের ছেলে। অপরদিকে রোকাইয়া আক্তার ঢাকার লালবাগ থানার পোস্তা টিএসও এলাকার মো. চুন্নু গাজীর মেয়ে। তবে তারা পর্যটক দম্পত্তি স্বামী স্ত্রী ছিলেন, কিনা তা জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ৬টি মোটরসাইকেলে মোট ১০জন পর্যটক ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশে রওনা হয়ে রুমা উপজেলায় পৌঁছান। পরে বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর আড়াইটার দিকে তারা বগালেক এলাকায় গিয়ে একটি কটেজে রাত্রিযাপনের জন্য ওঠেন।
বিকেল সাড়ে ৫টার দিকে ১০জন পর্যটক বগালেক ভিউ পয়েন্টে ঘুরতে যান, সেখানে ছবি তোলা শেষে ৮জন ফিরে এলেও জামির উদ্দিন ও রুপাইয়া আক্তার রুপা গাইডের নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেলে ভিউ পয়েন্ট অতিক্রম করে সামনে চলে যান।
পরে গাইডের সংবাদের মাধ্যমে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের সমন্ধয়ে রাতে শুরু হয় তাদের খোঁজার অভিযান। অভিযানে রাত ১২টার দিকে ভিউ পয়েন্ট সংলগ্ন পাহাড়ি একটি খাদ থেকে ওই দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়।
বান্দরবানের পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার জানিয়েছেন ওই পর্যটকরা স্থানীয় টুরিস্ট গাইড না নিয়েই সেখানে বেড়াতে যায়। পরে স্থানীয়রা খবর দিলে রাস্তার পাশে গভীর খাদ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
