লংগদুতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু-শ্বশুর আটক স্বামী পলাতক

45

॥ মো. গোলামুর রহমান, লংগদু ॥
রাঙ্গামাটির লংগদু উপজেলায় যাত্রামুড়া এলাকায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু। এনিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ১ নম্বর আটারকছড়া ইউনিয়নে যাত্রামুড়া গ্রামের নিজ বাড়িতে এঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়, যাত্রামুড়া গ্রামে নিজ বাড়িতে জোরপূর্বক গৃহবধূর মুখে কীটনাশক ঢেলে হত্যার চেষ্টা করে স্বামী। পরে প্রতিবেশীরা আহত অবস্থায় দ্রুত সময়ে লংগদু সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত আছিয়া আক্তার (১৮) যাত্রামুড়া গ্রামের আছর আলীর মেয়ে এবং একই গ্রামের হযরত আলীর স্ত্রী।
নিহতের পরিবারের দাবি, স্বামীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে আছিয়াকে বেধড়ক মারধর করা হয়। পরে তাকে জোর করে মুখে বিষ (কীটনাশক) ঢেলে হত্যা করা হয়।
অন্যদিকে শ্বশুরবাড়ির লোকজনের দাবি, পারিবারিক মনোমালিন্যের কারণে আছিয়া নিজেই বাড়িতে থাকা কীটনাশক পান করেন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পরপরই নিহতের শ্বশুরকে আটক করা হয়েছে। অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
তিনি আরও জানান, মরদেহ লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ময়নাতদন্তসহ আইনানুগ প্রক্রিয়া শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।