বন্যা দূর্গতদের জন্য যা যা করণীয়, সরকার তার সবই করবে-ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসাইন

32

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ির বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও বন্যার্থদের মধ্যে ত্রান বিতরণকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসাইন বলেছেন, বন্যা ক্ষতিগ্রস্থদের পাশে সরকার সবসময় রয়েছে। দুর্গতদের জন্য যা যা করণীয়, সরকার তার সবই করবে। আপাতত খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। পরবর্তীতে যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ফসলি জমি নষ্ট হয়েছে এবং অবকাঠামোগত ক্ষতি হয়েছে, তাদের পুনর্বাসন ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। বন্যাকবলিত খাগড়াছড়ির মানুষের প্রতি সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।
প্রতিমন্ত্রী শনিবার (১১ জুলাই) বিকালে খাগড়াছড়ির বন্যাদুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে বিভিন্ন পথসভায় এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বিকেল আড়াইটায় দুইঘন্টার সফরে খাগড়াছড়ি এসে পৌঁছালে সার্কিট হাউজে তাঁকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার স্বাগতম জানান। পরে গার্ড অব অনার দেয়া হয়।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতি সরকার সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। প্রধানমন্ত্রী নিজেও বন্যাদুর্গত মানুষের খোঁজখবর রাখছেন এবং তার নির্দেশনাতেই তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসেছেন। দুর্গত মানুষের কষ্ট লাঘবে দ্রুত ত্রাণ সহায়তা নিশ্চিত করা হচ্ছে।
তিনি আরও বলেন, আপাতত ক্ষতিগ্রস্ত মানুষের খাদ্য সহায়তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পুনর্নির্মাণ, অবকাঠামো সংস্কার এবং ফসলি জমির ক্ষতি পুষিয়ে নিতে প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়া হবে।
প্রতিমন্ত্রী বন্যা মোকাবিলায় স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সম্মিলিত ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, সকলের সমন্বিত প্রচেষ্টায় দুর্গত মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হয়েছে এবং এ সহযোগিতা অব্যাহত থাকবে।
এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান, খাগড়াছড়ি পৌর প্রশাসক বেগম রুমানা আক্তার, বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার,যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন,অনিমেষ চাকমা রিংকু ,যুবদল সভাপতি মাহবুবুল আলম সবুজ, বিএনপি নেতা আব্দুর রব রাজা, পৌর বিএনপি নেতা নজরুল ইসলামসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।