বন্যায় ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে ভেলায় চড়ে আলীকদম গেলেন সংসদ সদস্য সাচিং প্রু জেরী এমপি

70

॥ লামা প্রতিনিধি ॥
গত কয়েক দিনের টানা বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিতে এবং চলমান ত্রাণ কার্যক্রমের তদারকি করতে কলার ভেলায় চড়ে আলীকদম উপজেলায় গেলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এমপি আলীকদমে পৌঁছে তিনি বন্যা পরিস্থিতির সার্বিক খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পরিচালিত ত্রাণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরে উপজেলা পরিষদে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ও দলীয় নেতৃবৃন্দের সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেন। বৈঠকে বন্যা পরিস্থিতি মোকাবিলা, ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়া এবং প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রাথমিকভাবে চারটি ইউনিয়নের ১ হাজার ৩৩০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে চিহ্নিত করে তাদের জন্য ত্রাণ সহায়তার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।
শনিবার (১১জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যা-পরবর্তী পরিস্থিতি মোকাবিলা, ত্রাণ কার্যক্রমে সমন্বয় এবং একই পরিবারের কাছে একাধিকবার ত্রাণ পৌঁছে যাওয়া (ওভারল্যাপিং) রোধে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়, প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ৩০ কেজি চালের পাশাপাশি ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি পিঁয়াজ, ৫০০ গ্রাম মসুর ডাল ও ৫০০ গ্রাম লবণ সম্বলিত একটি শুকনা খাবারের প্যাকেজ প্রদান করা হবে।
দুর্গত মানুষের দোরগোড়ায় ত্রাণ পৌঁছে দিতে আলীকদম সেনাজোনের সহযোগিতা নেওয়া হবে। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, রবিবার সকাল থেকে নয়াপাড়া ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হবে।
এদিকে শনিবার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের দ্রুত ত্রাণ কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন।
উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, দুর্গত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ইতোমধ্যে ত্রাণ সহায়তা দিয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে ৩০ টন চাল ও নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ১৫ টন চাল এবং পানবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ৫০০ কেজি চাল প্রদান করেছেন।
অন্যদিকে, ব্র্যাক ৪৫০টি, কারিতাস ৩৫০টি, সনে ইন্টারন্যাশনাল ১৫০টি, নয়াপাড়া ফ্রেন্ডস সার্কেল ১০০টি এবং উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে ৩০০টি শুকনা খাবারের প্যাকেজ সরবরাহ করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার ফেসবুক পেজে জানানো হয়েছে, গত ৯ জুলাই থেকে উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থানরত পরিবারগুলোর জন্য নিয়মিত রান্না করা খাবার সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি যেসব কৃষকের কৃষিজমি ও ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য কৃষি বিভাগের মাধ্যমে পৃথক তালিকা প্রস্তুত করে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।
আলীকদম উপজেলা প্রশাসন সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগে দ্রুত সব ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হবে।