কাপ্তাইয়ে পাহাড় ধ্বসে গাছ চাপায় আহত-২, বসতঘর বিধ্বস্ত

21

॥ ঝুলন দত্ত, কাপ্তাই ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার সদর বড়ইছড়ি এলাকার পুরাতন থানা ভবনের পেছনের ব্রিক ফিল্ড এলাকায় পাহাড় ধ্বসে একটি বিশাল গাছ বসতঘরের ওপর ভেঙে পড়ে দুইজন আহত হয়েছেন। এই ঘটনায় বসতঘরটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি একটি গর্ভবতী গাভীর মাথা ও একটি শিং ভেঙে যায়।
বুধবার (৮ জুলাই) সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আহতরা হলেন, জশি মারমা (৭৫) ও উসিং মং মারমা (২৫)। স্থানীয়দের সহায়তায় তাঁদের উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য শাজাইন প্রু মারমা (৬৫) জানান, কয়েক দিনের টানা বর্ষণে পাহাড়ের মাটি নরম হয়ে যায়। বুধবার সন্ধ্যার দিকে হঠাৎ পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। এ সময় পাহাড় থেকে একটি বিশাল গাছ ভেঙে তাঁদের বসতঘরের ওপর আছড়ে পড়ে। এতে ঘরের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং পরিবারের দুই সদস্য আহত হন। একই ঘটনায় তাঁদের গর্ভবতী গাভীর মাথা ও একটি শিং ভেঙে যায়।
শাজাইন প্রু মারমা বলেন, “আমরা এখন চরম আতঙ্কের মধ্যে রয়েছি। যেকোনো সময় আবার পাহাড়ধস হতে পারে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি সহায়তা ও চিকিৎসার ব্যবস্থা প্রয়োজন।”
ঘটনার খবর পেয়ে ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন ঘটনাস্থলের খোঁজখবর নেন। তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে গ্রাম পুলিশ পাঠিয়ে আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত উসিং মং মারমা (২৫) সামান্য আঘাত পেয়েছিলেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আঘাত গুরুতর না হওয়ায় চিকিৎসা শেষে তাঁকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। অপর আহত ব্যক্তি জশি মারমারও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।