॥ ঝুলন দত্ত, কাপ্তাই ॥
পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রাঙ্গামাটির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবির) পক্ষ হকে ত্রান সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে জোনের দায়িত্বপূর্ণ এলাকার কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজ এবং কলেজ সংলগ্ন মিনি স্টেডিয়ামে অস্থায়ীভাবে স্থাপিত আশ্রয়কেন্দ্রে অবস্থানরত পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত স্থানীয় প্রায় ৭০ জন বাসিন্দার মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়।
এসময় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস উপস্থিত থেকে প্রত্যেকজনকে খেজুর, চিড়া, মুড়ি, ব্রেড, বিস্কুট, বিশুদ্ধ পানি, চিনি ও ওরস্যালাইন তুলে দেন।
প্রসঙ্গত: চলমান প্রাকৃতিক দুর্যোগ ও অতি বৃষ্টিপাতের ফলে গত ৭ জুলাই উক্ত এলাকায় পাহাড় ধ্বসে মাটিচাপা পড়ে দুইজন শিশু আহত হয়। পরবর্তীতে স্থানীয় প্রশাসন আহত দুই শিশুর পরিবারসহ পাহাড়ের ঢালে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী প্রায় ৭০ জনকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে পুনর্বাসনের ব্যবস্থা করে। উপজেলা প্রশাসন আশ্রয় গ্রহণকারীদের খাদ্যের ব্যবস্থা করলেও মানবিক বিবেচনায় এবং সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ৪১ বিজিবির পক্ষ হতে তাদের মাঝে উক্ত ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
যেকোনো প্রাকৃতিক দুর্যোগ বা বিপদের সময় বিজিবি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবে মর্মে আশ্বস্ত করেন জোন অধিনায়ক।
