॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে উদযাপিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস।
দিবসটি উপলক্ষে সোমবার (৬ জুলাই) সকালে বান্দরবান জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়।
বান্দরবানের জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌস এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান ৩০০নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার, উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মিলটন মুহুরী।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বান্দরবান জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. ওহিদুজ্জামান ভুঞা, সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা পুলুমা মারমাসহ বিভিন্ন সরকারী প্রতিষ্টানের উর্ধতন কর্মকর্তা, উদ্যোক্তা, উপকারভোগী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান ৩০০নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন হচ্ছে আর পল্লী উন্নয়ন বোর্ডের বিভিন্ন সহায়তা নিয়ে অনেক দরিদ্র পরিবার আজ স্বচ্ছলতার সাথে তাদের সংসার পরিচালনা করছে। এতে করে দরিদ্রতা হ্রাস পাচ্ছে।
সভা শেষে ৫ জন উপকারভোগীর মাঝে সেলাই মেশিন, ২টি প্রাথমিক সমবায় সমিতি ও বীর মুক্তিযোদ্ধা ও পোষ্যদের মধ্যে ঋনের চেক, ক্ষুদ্র ঋনের চেক এবং গাছের চারা বিতরণ করা হয়।
