॥ নিজস্ব প্রতিবেদক ॥
‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ একরামুল হক ভুঁইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দর, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম, সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার তৃণমূল মানুষের অর্থনৈতিক উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। সরকারের এই কার্যক্রমকে বেগবান করতে আত্মকর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং পল্লী উন্নয়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামীণ নারীদের ক্ষমতায়ন ও ক্ষুদ্র ঋণের মাধ্যমে উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে বিআরডিবি প্রশংসনীয় অবদান রাখছে।
বক্তারা বলেন, গ্রামীণ উন্নয়নকে আরও গতিশীল ও টেকসই করতে সরকারি বিভিন্ন কর্মসূচির সফল বাস্তবায়নের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। এর মাধ্যমে একটি উন্নত, আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য অর্জন আরও বেগবান হবে।
সভায় উপস্থিত কর্মকর্তারা গ্রামীণ জনগণের জন্য গৃহীত বিভিন্ন সরকারি উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন এবং তা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।
সভা শেষে বিআরডিবি রাঙ্গামাটির বিভিন্ন সমিতির মাঝে ঋণ ও গাছের চারা বিতরণ করা হয়। সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিআরডিবির জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
