“জঙ্গল বিলাস” রিসোর্ট নির্মাণের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন

61

॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাগান পাড়া এবং কবরস্থানের জমি দখল করে অবৈধভাবে “জঙ্গল বিলাস” নামে একটি রিসোর্ট নির্মাণের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) সকালে বান্দরবানের মিরিঞ্জা বাগান পাড়া গ্রামবাসীর আয়োজনে বান্দরবান প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন, বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাগান পাড়া এবং কবরস্থানের জমি দখল করে গত কয়েক বছর ধরে “জঙ্গল বিলাস” রিসোর্ট নামে একটি প্রতিষ্ঠান এর মালিকরা জোরপূর্বক গ্রামের জনসাধারণের জমি, পাহাড়ি বন এবং বাগান পাড়ার, কবরস্থান দখল করতে শুরু করেছে। দখলকারীরা ভুয়া দলিল ও কাগজপত্র সৃষ্টি করে স্থানীয় সরল পাহাড়ি জনগণের কাছ থেকে জমি ছিনিয়ে নিয়ে বুলডোজার ও ভারী যন্ত্রপাতি দিয়ে পাহাড় কাটা, গাছপালা ধ্বংস করা এবং বনভূমি সমতল করে রিসোর্টের অবকাঠামো নির্মাণ করার চেষ্টা চালাচ্ছে। আর যারা এই অন্যায়ের প্রতিবাদ করেছে রিসোর্টের কর্তৃপক্ষ তাদের হুমকি-ধামকি, ভয়ভীতি ও মামলা দিয়ে ক্ষতিগ্রস্থ করছে।
এসময় বক্তারা দ্রুত পরিবেশ রক্ষা ও স্থানীয় জনগণের জানমাল নিরাপত্তাসহ কবরস্থানের পবিত্রতা রক্ষার্থে ওই পাড়ায় রিসোর্ট তৈরি কার্যক্রম স্থগিত রাখা, পাড়াবাসীর বিরুদ্ধে বানোয়াট মামলা প্রত্যাহার এবং ভূমির সঠিক জরিপ ও স্থানীয় বাসিন্দাদের সার্বিক নিরাপত্তা জোরদারের জন্য প্রশাসনের কাছে দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী জন ত্রিপুরা, ম্রো স্টুডেন্ট কাউন্সিল এর কেন্দ্রীয় কমিটির সভাপতি তনয়া ম্রো, পাহাড়ী ছাত্র পরিষদের বান্দরবান সদর শাখার সভাপতি উবাথুই ও মিরিঞ্জা বাগান পাড়ার বাসিন্দা রাইচন্দ্র ত্রিপুরা।