॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান॥
বান্দরবান সদরের ৬নং ওয়ার্ডের ক্যাচিংঘাটার নতুন পাড়ায় রাতের আধাঁরে চলছে পাহাড় কাটা আর এতে নিরব প্রশাসন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ক্যাচিংঘাটার নতুনপাড়ায় কাঞ্চন শীল নামে এক পাহাড় খেকো রাতের আধাঁরে প্রতিদিন ১০ থেকে ১২জন লোক দিয়ে পাহাড় কাটছে। এলাকার স্থানীয় বাসিন্দারা বলেন, প্রতিদিন রাত ৮টার পর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলে পাহাড় কাটা। সকালে দেখা যায় ঢেউটিনের দরজাটা লাগানো থাকে রাতে ঢেউটিনের দরজাটা খুলে ট্রাকে করে মাটি সড়ানো হয়।
এদিকে মাটি কাটার বিষয়ে জানতে চাইলে কাঞ্চন শীল জানান, বসত ঘর নির্মাণের জন্য অল্প পাহাড় থেকে মাটি সড়িয়ে নিচ্ছি, প্রশাসনকে মেনেজ করে পাহাড় কাটা হচ্ছে বলেও জানান কাঞ্চন শীল। পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের কোন অনুমতি আছে কিনা জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেনি।
এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রেজাউল করিম জানান, পাহাড় কাটার কোন অনুমতি নেই, দ্রুত সময়ে ঘটনাস্থল পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।
