জুরাছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে আগুনে ভস্মীভূত পরিবারকে পুনঃ গৃহ নির্মাণ

187

॥ জুরাছড়ি প্রতিনিধি ॥
বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের সর্বস্তরের মানুষের কল্যাণ ও উন্নয়নে নিবেদিত। পাহাড়ি জনপদের সার্বিক শান্তি ও সমৃদ্ধি নিশ্চিতকরণের পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রমও এর ধারাবাহিক অংশ। জুরাছড়ির বালুখালি মুখ এলাকায় কিছুদিন পূর্বে একটি অগ্নি দূর্ঘটনায় হতদরিদ্র অজয় কুমার চাকমার (কালাইয়্যা) বাড়ি আগুনে পুড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
অজয় কুমার চাকমা এবং তার পরিবারের অসহায় অবস্থা বিবেচনা করে জুরাছড়ি জোনের পক্ষ থেকে তার বাড়ি পূনঃনির্মানের উদ্যোগ নেয়া হয়। উক্ত মানবিক কাজে সহায়তার হাত বাড়িয়ে এগিয়ে আসেন জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়জিদ-বিন-আখন্দ এবং জুরাছড়ি ইউনিয়ন চেয়ারম্যান ইমন চাকমা।
বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টায় বালুখালীমুখ এলাকায় জুরাছড়ি জোনের পক্ষ থেকে অজয় কুমার চাকমার নিকট নব নির্মিত ঘরের চাবি হস্তান্তর করে ওয়ারেন্ট অফিসার মোঃ তৌফিকুল ইসলাম। আগুনে বাড়ি ধ্বংস হয়ে যাবার পর অসহায় গৃহহীন অজয় কুমার চাকমা নব নির্মিত বাড়ির চাবি গ্রহন করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং জুরাছড়ি জোন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জুরাছড়ি ইউনিয়ন চেয়ারম্যানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।