॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন শুরু হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকালে রাঙ্গামাটি জেলা বিএনপি কার্যালয় থেকে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে দলটির সদস্য নবায়ন কার্যক্রম শুরু হয়।
সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী উপলক্ষে কাঠালতলী দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশ প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
সমাবেশে ব্যারিস্টার মীর হেলাল বলেন, বিএনপি একটি বহুমতের প্রতি শ্রদ্ধাশীল রাজনৈতিক দল এবং আমরা কখনো অন্যায়কে প্রশ্রয় দিই না। বিএনপিতে নতুন সদস্য সংগ্রহ কালে পলাতক স্বৈরাচারী দলের কেউ যাতে ঢুকতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
তিনি বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বেই আগামীতে স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে। দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপি ও জিয়া পরিবারকে ধ্বংসের ষড়যন্ত্র চলেছে, যা এখনো অব্যাহত। কিন্তু আমরা জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত। আমরা শান্তিপূর্ণভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, তবে কেউ শিষ্টাচার ভঙ্গ করলে প্রতিরোধ গড়ে তোলা হবে।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক এ্যাডভোকেট দীপেন দেওয়ান, সাবেক পার্বত্য উপমন্ত্রী মণি স্বপন দেওয়ান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক কমিটির সহ-সভাপতি ফেরদৌস আহমেদ মুন্না, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মেরাজ আজিম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ- সাধারণ সম্পাদক মোর্শেদ আলম।
রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড: সাইফুল ইসলাম পনির, জেলা যুবদলের সভাপতি আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম তালুকদার, জেলা ছাত্র দলের সভাপতি ফারুক আহমেদ সাব্বিরসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে শহরের বনরূপা থেকে শুরু হয়ে একটি মিছিল শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে কাঠালতলী বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।
