চন্দ্রঘোনা কুষ্ঠ হাসপাতাল বাঁচাও আন্দোলনের ডাক

381

কাজী মোশাররফ হোসেন, কাপ্তাইঃ-কাপ্তাই ও রাঙ্গুনিয়া উপজেলা সীমানায় অবস্থিত ঐতিহ্যবাহী কুষ্ঠ চিকিৎসা কেন্দ্র ‘চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান কুষ্ঠ হাসপাতালটি’ আর্থিক অনটনের কারণে বর্তমানে বন্ধ হবার উপক্রম হয়েছে। ১৯১৩ সালে প্রতিষ্ঠিত চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান কুষ্ঠ হাসপাতাল থেকে এপর্যন্ত হাজার হাজার কুষ্ঠ রোগী চিকিৎসা পেয়ে সুস্থ্য হয়েছেন। অনেকে এখনো চিকিৎসাধীন রয়েছে। কিন্তু বর্তমানে চরম অর্থ সঙ্কটে পড়েছে হাসপাতালটি। অর্থাভাবে কুষ্ঠ হাসপাতালে চিকিৎস সেবা চরম সঙ্কটে পড়েছে।
এই অবস্থায় শনিবার (২১ ডিসেম্বর) চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান কুষ্ঠ হাসপাতাল মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং এর সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন হাসপাতালের ডাঃ বিলিয়াম মারমা, প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন ও রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাসুদ নাসির। কুষ্ঠ হাসপাতিাল বাঁচাও দাবীতে কুষ্ঠ রোগীদের মাঝে বক্তব্য রাখেন মোঃ আনোয়ার হোসেন ও শেফালী বেগম।
সাংবাদিক সম্মেলনে ডাঃ প্রবির খিয়াং বলেন প্রতিষ্ঠার পর থেকে কুষ্ঠ হাসপাতালের জন্য বৈদেশিক সাহায্য পাওয়া যেত। ঐ সাহায্য দিয়েই বিনামূল্যে কুষ্ঠ চিকিৎসা প্রদান করা হতো। কিন্তু ১৯৯০ সাল থেকে কুষ্ঠ চিকিৎসায় অর্থ পাওয়া বন্ধ রয়েছে। গত প্রায় ৩০ বছর চিকিৎসা ক্ষেত্রে কোন আর্থিক সহযোগিতা পাওয়া যাচ্ছেনা। বর্তমানে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল থেকে কোন রকমে অর্থ সহযোগিতা নিয়ে কুষ্ঠ হাসপাতাল পরিচালিত হচ্ছে। চন্দ্রঘোনা কুষ্ঠ হাসপাতালটি যাতে চিকিৎসা সেবা অব্যাহত রাখতে পারে সে জন্য ডাঃ প্রবির খিয়াং সরকারের বিভিন্ন সংস্থাসহ বেসরকারী সংস্থা এবং স্থানীয় সর্বস্তরের জনগনের সহযোগিতা কামনা করেন।
রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাসুদ নাসির বলেন, কোন অবস্থাতেই কুষ্ঠ হাসপাতালটি বন্ধ করা যাবেনা। এজন্য তিনি রাঙ্গুনিয়া এবং কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনিতিক, সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন। এ ব্যাপারে রাঙ্গুনিয়ার সাংসদ এবং তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদের সহযোগিতা নেওয়া হবে বলেও তিনি জানান।