পর্যটকে পর্যটকে ভরপূর পার্বত্য জেলা বান্দরবান

162

॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে পাহাড় কন্যা খ্যাত অপরূপা এই বান্দরবানে। জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো এখনও পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।
জেলার মেঘলা, গোল্ডেন টেম্পল, নীলাচল, নীলগীরি, প্রান্তিক লেক, শৈল প্রপাত সহ বিভিন্ন দর্শনীয় স্থানে উপচে পড়া ভিড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পর্যটকদের ভিড় বাড়ছে প্রতিদিনই। বিশেষ করে, পরিবারের সঙ্গে ঘুরতে আসা শিশুদের কোলাহলে মুখরিত হয়ে উঠেছে পর্যটনকেন্দ্রগুলো। পাহাড়, নদী, মেঘ আর প্রকৃতির এমন রুপ দেখে বিমোহিত পর্যটকরা।
সকাল থেকেই বিকেল পর্যন্ত পর্যটকবাহী গাড়ীতে পর্যটকরা ছুটে যাচ্ছে এক পর্যটনকেন্দ্র থেকে অন্য পর্যটন কেন্দ্রে। ঈদের এই ছুটিতে পরিবার পরিজনের সাথে শিশু ও বয়স্করা পাচ্ছে অনাবিল আনন্দ।
বান্দরবান রেসিডেন্সিয়াল হোটেল রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সিরাজুল ইসলাম বলেন, এবার বিপুল সংখ্যক পর্যটক বান্দরবানে বেড়াতে আসছেন। হোটেলগুলো শতভাগ বুকিং হয়ে গেছে। তবে, নিরাপত্তার কথা বিবেচনা করে বান্দরবানের রুমা ও থানচি উপজেলা ভ্রমনে বিধিনিষেধ বহাল রয়েছে।
বান্দরবানে ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) নিত্যানন্দ দাস বলেন, ঈদ উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আর বান্দরবানে ভ্রমনে আসা পর্যটকদের সার্বিক নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। ট্যুরিস্ট পুলিশ ও জেলা পুলিশ সমন্বিতভাবে কাজ করছে যাতে পর্যটকরা নিরাপদে ভ্রমণ উপভোগ করতে পারেন। তাই বেড়াতে এসে কোন হয়রানির শিকার যাতে না হয় সেজন্য ট্যুরিস্ট পুলিশের সদস্যরা রয়েছে বিভিন্ন পর্যটনকেন্দ্রের আশেপাশে।
বান্দবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, পর্যটকদের নিরাপত্তার বিষয়ে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী সচেতন আছে। বান্দরবানে বেড়াতে আসা পর্যটকদের বিষয়ে সবাই যত্নশীল।