রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাতির পায়ে পৃষ্ট হয়ে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

273

কাপ্তাইঃ-কাপ্তাইয়ের নেভী সড়কস্থ কাপ্তাই-রাঙ্গামাটি সড়কের ফরেস্ট ডেভেলপমেন্ট ট্রেইনিং সেন্টার (এফডিটিসি) এর পরিচালকের বাংলোর বারান্দায় শুক্রবার (১৮ অক্টোবর) ভোর ৩’টার সময় হাতির পায়ে পৃষ্ট হয়ে মোঃ শিপন মিয়া (২২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
কাপ্তাই পুলিশ ফাঁড়ি সুত্র জানায়, কাপ্তাইয়ের নতুন বাজারস্থ ঢাকাইয়া কলোনীর আলী আজগরের ছেলে মানসিক ভারসাম্যহীন মোঃ শিপন মিয়াকে শুক্রবার সকালে এফডিটিসি’র বারান্দায় আহত অবস্থায় পড়ে থাকতে দেখে।
এসময় তার বুকে ও পিঠে হাতির পায়ের ছাপ ও অতিরিক্ত রক্তপাতের স্তুপ দেখা যায়। খবর পেয়ে কাপ্তাই ফাঁড়ি এস আই পিষুষ কান্তি ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করেন।
কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটির শরীরে আঘাতের চিহ্ন দেখে স্পষ্ট বুঝা যাচ্ছে হাতির পায়ে পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। তার শরীরে বুকে ও পিঠে হাতির পায়ের আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে।