সাজেকে আবারো পর্যটকবাহী জিপ উল্টে ঢাকার ৪ পর্যটক গুরুতর আহত

111

বাঘাইছড়ি প্রতিনিধিঃ-রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেকে সড়ক দুর্ঘটনায় শিকার হয়ে চট্টগ্রাম পাহাড়তলীর হৃদয় (৩০) নামে এক পর্যটকের মৃত্যুর ২৪ ঘণ্টা পার না হতেই আবারো পর্যটকবাহী জিপ নিয়ন্ত্রণ হারিয়ে ৪ জন পর্যটক গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে সাজেক হাউজ পাড়া সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। এছাড়া গত দুদিন পর পর সড়ক দুর্ঘটনার শিকার হয়ে কমপক্ষে ১০ জন আহত হয়।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, একটি সাদা রঙের জিপ (চট্টমেট্রো-ন-১১৭৯৩০) ১২ জন পর্যটক নিয়ে খাগড়াছড়ি ফেরার পথে পাহাড়ের বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে হাউজ পাড়া এলাকায় জিপটি হঠাৎ উল্টে যায়। এসময় ৪ জন পর্যটক আহত হয়। এদের মধ্যে জুবেদা বেগম (৬২) মারাত্মকভাবে আঘাত পেয়েছেন। আমরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো ব্যবস্থা করেছি। আহত পর্যটকদের সকলের বাড়ি ঢাকায় বলে জানা যায়।
সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরী লুসাই বলেন, সাজেকে এখন পর্যটক ভরপুর। তাই যানবাহনের চাপ বেশি। এ জন্য দুর্ঘটনা বেশি হচ্ছে। দুই থেকে একদিনের মধ্যে চাপ কমে যাবে। তবে এই ধরনের দূর্ঘটনা এড়াতে দ্রুত গতিতে গাড়ি যাতে না চালায় তার জন্য প্রশাসনের পক্ষ থেকে চালকদের সাবধান করা জরুরী।