প্রেস বিজ্ঞপ্তিঃ-খাগড়াছড়ির দীঘিনালায় ইউপিডিএফ নেতা নবায়ন চাকমা মিলন (যিনি সৌরভ নামে সহযোদ্ধাদের মধ্যে অধিক পরিচিত) হত্যা ও মহালছড়িতে পাহাড়িদের নির্মিত বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে ইউপিডিএফ খাগড়াছড়ি জেলা ইউনিট ও তার সহযোগী সংগঠনসমূহ আগামী রবিবার (২০ মার্চ) ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খাগড়াছড়ি জেলায় আধা বেলা শান্তিপূর্ণ সড়ক অবরোধের ডাক দিয়েছে।
বুধবার (১৬ মার্চ) ইউপিডিএফের সংগঠনগুলোর অনুষ্ঠিত এক জরুরী সমন্বয় সভায় গৃহীত উক্ত সিদ্ধান্তের খবর সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে।
বিবৃতিতে নিহত সৌরভ চাকমার প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে উক্ত শান্তিপূর্ণ অবরোধ সফল করতে বাস, ট্রাক, জীপ, সিএনজি, টমটম মালিক-চালক ও শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি সনির্বন্ধ অনুরোধ জানানো হয়েছে।
তবে বিবৃতিতে জরুরী ফায়ার সার্ভিস, এ্যাম্বুলেন্স ও শববাহী গাড়ি, জরুরী ঔষধ সরবরাহকারী ও সংবাদপত্র বহনকারী যান, সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত সাংবাদিকদের গাড়ি এই অবরোধের আওতামুক্ত থাকবে বলে উল্লেখ করা হয়েছে।
