বান্দরবানে মৎস্য চাষীদের মাঝে ছাগল বিতরণ

162

রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবানঃ-পার্বত্য চট্টগ্রাম মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প আয়বর্ধক কর্মসূচীর অধীনে বান্দরবানে নিবন্ধিত জেলেদের মাঝে ছাগল বিতরন করা হয়েছে।
বুধবার (১৬ মার্চ) দুপুর ১২টায় বান্দরবান সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ের বাস্তবায়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিবন্ধিত জেলেদের মাঝে ছাগল বিতরণ করেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা আফরিন মুস্তাফা।
এসময় তিনি বলেন, মৎস্য চাষীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে মৎস্য চাষের পাশাপাশি মৎস্য চাষীদের মাঝে ছাগল বিতরন করা হয়েছে, এর ফলে মৎস্যচাষীরা আগের চেয়েও আরো বেশি স্বাবলম্বী হয়ে উঠবে। এসময় তিনি মৎস্য চাষীদের সঠিকভাবে মাছের পাশাপাশি ছাগলের পরিচর্যা করার আহবান জানান।
ছাগল বিতরন অনুষ্ঠানে বান্দরবান সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান য়ইসা প্রু মারমা, রাজু মং মারমা, বান্দরবান সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জিয়া উদ্দিন, জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের উপ সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা আলোক কুমার চক্রবর্তী, জেলা মৎস্য অফিসের উপ সহকারী পরিচালক মামুনুর রহমানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় বান্দরবানের কালাঘাটা এলাকার নিবন্ধিত ৫জন জেলেকে পার্বত্য চট্টগ্রাম মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প আয়বর্ধক কর্মসূচীর অধীনে জনপ্রতি ৬টি করে মোট ৩০টি ছাগল বিতরন করা হয়।