॥ জুরাছড়ি প্রতিনিধি ॥
রাঙ্গামাটির জুরাছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী জরুরি সেবায় প্রবেশাধিকার ও সেবার ব্যবহার নিশ্চিতকরণবিষয়ক প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলা পরিষদের মিনি সম্মেলনকক্ষে হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকার উদ্যোগে ‘অ্যাকসেস টু অ্যান্ড ইউটিলাইজেশন অব লাইফসেভিং সার্ভিসেস বাই মার্জিনালাইজড কমিউনিটিজ ইন চিটাগং হিল ট্র্যাক্টস ইন বাংলাদেশ’ প্রকল্পের এ সভা অনুষ্ঠিত হয়।
প্রকল্পের উপজেলা সমন্বয়কারী পাপিয়া চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জুরাছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইমন চাকমা, দুমদুম্যা ইউপি চেয়ারম্যান শান্তি রাজ চাকমা ও বনযোগীছড়া ও মৈদং ইউপি চেয়ারম্যানগণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডাক্তার দিগন্ত চাকমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার রিজিয়ানুল ইসলাম, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. মরশেদুল আলম এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাসুদ রানা, কুসুমছড়ি মৌজার হেডম্যান মায়া নন্দ দেওয়ান। এ ছাড়া স্থানীয় কার্বারী, ওয়ার্ড সদস্য, ওয়াটার পয়েন্ট ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং প্রকল্পের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রকল্পের কার্যক্রম ও অর্জন তুলে ধরেন উপজেলা সমন্বয়কারী পাপিয়া চাকমা। তিনি জানান, ২০২৬ সালে শুরু হওয়া প্রকল্পটি পুষ্টি, জীবিকায়ন ও পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি (ওয়াশ)-এই তিনটি উপাদান নিয়ে কাজ করেছে।
প্রকল্পের আওতায় জুরাছড়ি উপজেলায় ১ হাজার ৪৩৭ জন শিশুর পুষ্টি পরিস্থিতি যাচাই বা স্ক্রিনিং করা হয়। এর মধ্যে ৩৩ জন শিশুকে গুরুতর তীব্র অপুষ্টিতে (স্যাম) এবং ১৫৫ জন শিশুকে মাঝারি তীব্র অপুষ্টিতে (ম্যাম) আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়। শনাক্ত শিশুদের পুষ্টি সহায়তার অংশ হিসেবে স্যাম আক্রান্ত প্রতিটি শিশুর পরিবারকে মাসে ২ হাজার ৫৫০ টাকা করে তিন মাস এবং ম্যাম আক্রান্ত প্রতিটি শিশুর পরিবারকে মাসে ১ হাজার ৮৩৫ টাকা করে দুই মাস আর্থিক সহায়তা দেওয়া হয়।
এ ছাড়াও স্যাম ও ম্যাম শনাক্ত ৩২টি পরিবারকে আয়বর্ধক কার্যক্রম পরিচালনার জন্য ১০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। একই সঙ্গে ৩২টি পরিবারে স্বাস্থ্যসম্মত শৌচাগার স্থাপন করা হয়েছে। পাশাপাশি সৌর বিদ্যুৎ চালিত দুটি গভীর নলকূপের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের জন্য নিরাপদ পানির ব্যবস্থা করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. আলাউল ইসলাম বলেন, দুর্গম পাহাড়ি জনপদ ও প্রান্তিক জনগোষ্ঠীর বাস্তবতা বিবেচনায় প্রকল্পটির কার্যক্রম অত্যন্ত সময়োপযোগী। বিশেষ করে শিশুদের পুষ্টি নিশ্চিতকরণ, দরিদ্র পরিবারের আয়বর্ধন এবং নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি প্রকল্পের ইতিবাচক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং এর পরিধি আরও বিস্তারের ওপর গুরুত্বারোপ করেন।
দুমদুম্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শান্তি রাজ চাকমা বক্তব্যে দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্যসেবা, শিশুপুষ্টি, নিরাপদ পানি ও জীবিকায়ন সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাঁরা বলেন, পাহাড়ের প্রত্যন্ত এলাকার অনেক মানুষ এখনো মৌলিক সেবা থেকে বঞ্চিত। এ ধরনের প্রকল্পের মাধ্যমে তাঁদের কাছে প্রয়োজনীয় সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও কমিউনিটির অংশগ্রহণ আরও জোরদার করা প্রয়োজন।
সভায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, অর্জন, অভিজ্ঞতা এবং ভবিষ্যতে এসব উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়।
