আলীকদমে জুমক্ষেতে বন্য শূকরের আক্রমণে আহত ৩ জুমিয়া, ২ জন চট্টগ্রাম মেডিক্যালে

23

॥ আলীকদম প্রতিনিধি ॥
বান্দরবানের আলীকদমে জুমক্ষেতে কাজ করার সময় বন্য শূকরের আক্রমণে তিনজন জুমচাষী গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কুরুকপাতা ইউনিয়নের চুংরুই পাড়া সংলগ্ন জুম পাহাড়ে এই হামলার ঘটনা ঘটে। আহত তিনজন হলেন-নিয়াচং ম্রো, লুরিং ম্রো এবং মেনরু ম্রো। তাঁরা সবাই কুরুকপাতা ইউনিয়নের চুংরুই পাড়ার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় ওই তিন জুমচাষী পাহাড়ের জুমক্ষেতে চাষাবাদের কাজ করছিলেন। এ সময় খাবারের সন্ধানে একঝাঁক বন্য শূকর হঠাৎ জুমে নেমে আসে এবং কাজরত চাষীদের ওপর অতর্কিত হামলা চালায়। শূকরের আক্রমণে তিনজনই গুরুতর জখম হন। খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী ও স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করেন।
আহতদের স্বজন ও স্থানীয় বাসিন্দা জংরাই ম্রো জানান, আহত ব্যক্তিরা তাঁর চাচা। বন্য শূকরের আক্রমণে তাঁরা আহত হওয়ার খবর পেয়ে পরিবারের সদস্য ও গ্রামবাসী দ্রুত তাঁদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
আহতদের মধ্যে দুজনকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের চট্টগ্রাম মেডিক্যালে পাঠান। অপর একজন স্থানীয়ভাবে কুরুকপাতা ইউনিয়নে চিকিৎসা নিচ্ছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোস্তাফিজুর রহমান মিশকাত বলেন, বন্য শূকরের আক্রমণে আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। তাঁদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।