॥ বাঘাইছড়ি প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে জাগো হিন্দু পরিষদ বাঘাইছড়ি এর আয়োজনে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভাসহ নানা ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ধর্মীয় নানা প্রতীক, ব্যানার ও ফেস্টুন নিয়ে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ধর্মীয় স্লোগান ও ভক্তিগীতিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
এতে শ্রী শ্রী রক্ষাকালী কেন্দ্রীয় মন্দিরের সভাপতি শ্রী রতন ধর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী।
বিশেষ অতিথি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর বাঘাইছড়ির আহবায়ক শ্রী জীবন সরকার সহ সনাতন ধর্মালম্বী নারী পুরুষ।
অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের জীবন, আদর্শ ও ধর্মীয় দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, শ্রীকৃষ্ণের শিক্ষা মানবজীবনে সত্য, ন্যায়, ধর্ম ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও সহমর্মিতার পরিবেশ গড়ে তোলা সম্ভব।
দিনব্যাপী কর্মসূচিতে ধর্মীয় প্রার্থনা, পূজা-অর্চনা, ভক্তিগীতি ও অন্যান্য আয়োজনের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে বাঘাইছড়িতে দিনটি উদযাপিত হয়।
