দীঘিনালা শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও ধর্মীয় আলোচনা সভা

3

॥ মো. সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালায়ও জগত প্রতিপালক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় দীঘিনালা কেন্দ্রীয় শ্রীশ্রী সনাতন প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি দীঘিনালা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় রাজনৈতিক নেতাকর্মী ও সনাতন ধর্মাবলম্বী মানুষেরা অংশ নেয়।
পরে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ, দীঘিনালা উপজেলা শাখার সভাপতি সুশীল জীবন ত্রিপুরার সভাপতিত্বে ধর্মীয় আলোচনা সভা এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দীঘিনালা জোন কমান্ডার লেঃ কর্নেল আল আমিন, পিএসসি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য শান্তপ্রিয় চাকমা, দীঘিনালা উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল বাহার চৌধুরী। সাধারণ সম্পাদক মিন্টু, দীঘিনালা শিব মন্দির কমিটির সভাপতি নরেন্দ্র লাল ত্রিপুরা, সাধারণ সম্পাদক শিবু দে প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেম, ভগবান শ্রীকৃষ্ণের জীবনাদর্শ, ন্যায়, সত্য ও মানবতার শিক্ষা অনুসরণ করতে হবে। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দীঘিনালায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়।