বাঘাইছড়িতে বন্যা-ভূমি ধসে ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবার পেল ত্রাণ

2

॥ বাঘাইছড়ি প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়িতে সাম্প্রতিক ভূমি ধস ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০টি পরিবারের মধ্যে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকার উদ্যোগে এবং স্টার্ট ফান্ড বাংলাদেশ, ইউকেএইড-সহ বিভিন্ন দাতা সংস্থার সহায়তায় এ ত্রাণ বিতরণ করা হয়।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে বাঘাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পৌর এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।
পৌরসভার কর পরিদর্শক মনিষা চাকমার সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এতে প্রধান অতিথি ছিলেন, পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু। বিশেষ অতিথি ছিলেন, আশিকার উপজেলা মনিটরিং কর্মকর্তা রুপায়ন চাকমা। এ ছাড়া স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আশিকা সূত্রে জানা যায়, ত্রাণ প্যাকেজে প্রতিটি পরিবারকে ৪০ কেজি চাল, ৩ লিটার তেল, ২ কেজি ডাল, ১ কেজি করে চিনি, লবণ, আলু ও পেঁয়াজ, ৫০০ গ্রাম রসুন এবং ১ কেজি নাপ্পি/লট্টা শুঁটকি দেওয়া হয়েছে।
এ ছাড়া প্রতিটি পরিবারকে ২০ লিটারের একটি বালতি, দুটি লাইফবয় সাবান, একটি প্লাস্টিকের মগ, ১০টি ওরস্যালাইন, একটি গামছা, ১ কেজি ডিটারজেন্ট পাউডার, একটি বদনা এবং পানি বিশুদ্ধকরণের ১০টি ট্যাবলেট দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পাহাড়ি এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো প্রশংসনীয় উদ্যোগ। এ সহায়তার মাধ্যমে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাময়িক দুর্ভোগ কিছুটা কমবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।