খাগড়াছড়ির পানছড়িতে জিপিএ-৫ পাওয়া ৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান

3

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
এবারে এসএসসি সমমানের পরীক্ষার ফলাফলে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ৫ জন শিক্ষার্থী। তারা সবাই পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। একই সঙ্গে পুরো উপজেলার ফলাফলেও সেরা হয়েছে বিদ্যালয়টি। প্রতিষ্ঠানটির পাশের হার ৪৫ দশমিক ৮৯ শতাংশ। জিপিএ-৫ পাওয়া পাঁচ কৃতি শিক্ষার্থীকে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপ দত্ত তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন, পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, বিদ্যালয়ের সাবেক সভাপতি শাহেদুল হোসেন সুমন, অভিভাবক সদস্য মো. তোফাজ্জল হোসেন এবং পানছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাশার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে বিদ্যালয়ের ৪৫ দশমিক ৮৯ শতাংশ পাশের হার একটি ভালো ফলাফল। পানছড়ি উপজেলায় বিদ্যালয়টি এবার সর্বোচ্চ পাশের হার অর্জন করেছে। ভবিষ্যতে শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।