লংগদু জোনের সার্বিক তত্ত্বাবধানে ৮১ জন চক্ষু রোগীকে অপারেশনে চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালে প্রেরণ

33

॥ মো. গোলামুর রহমান, লংগদু ॥
পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও জীবনমান উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন লংগদু জোনের উদ্যোগে গত শনিবার (৮ আগস্ট) লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রোগ্রেসিভ সাউথ, রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি এবং রোটারাক্ট ক্লাব অব চিটাগাং লেক সিটি।
ফ্রী চক্ষু চিকিৎসা শিবিরে সর্বমোট ৭১৯ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ২০০ জন রোগীকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। এছাড়া ২১৭ জন রোগীকে উন্নত চিকিৎসা ও চোখের অস্ত্রোপচারের জন্য চট্টগ্রাম রেফার করা হয়।
রেফারকৃত সকল রোগীর চিকিৎসা ও অস্ত্রোপচার সংক্রান্ত যাবতীয় ব্যয়ভার লংগদু জোন বহন করবে বলে নির্দেশনা প্রদান করেন জোন কমান্ডার লেঃ কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১১ আগস্ট) সকালে লংগদু জোনের সার্বিক ব্যবস্থাপনায় ২টি বিশেষ বাস যোগে ৮১ জন রোগীকে চোখের অস্ত্রোপচারের জন্য রাঙ্গামাটির লংগদু হতে চট্টগ্রামের নাসিরাবাদস্থ লায়ন্স চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়। অস্ত্রোপচার ও চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সকল রোগীকে পুনরায় লংগদু জোনের সার্বিক ব্যবস্থাপনায় তাদেরকে লংগদুতে পৌছে দেওয়া হবে।
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সব সময় প্রতিশ্রুতিবদ্ধ। পার্বত্য অঞ্চলের পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর সাথে পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সুসম্পর্ক জোরদার করতে সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রাখবে।
সেনাবাহিনীর এই অনন্য মানবসেবামূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজসেবক ও সেবাগ্রহীতা সাধারণ মানুষ লংগদু জোন এবং সংশ্লিষ্ট আয়োজক সংস্থাগুলোর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।