॥ শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি ॥
নাইক্ষ্যংছড়ি উপজেলার পার্শ্ববর্ত্তী কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া বাজারের কবির ফ্যাশন হাউসে বিশেষ অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ২টার দিকে গর্জনিয়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়ার দিকনির্দেশনায় গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আনিসুর রহমান, এসআই জুয়েল চৌধুরী, এসআই সহরিয়ার, এএসআই মো. ইউনুছসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় রাসেলের দোকানে তল্লাশি চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে রাসেলের ভাই সাজ্জাদ হোসেন ও রেজাউল করিম বাবুকে হাতেনাতে আটক করা হয়।
রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এ-সব ইয়াবা উদ্ধার এবং দুইজনকে আটক করা হয়েছে।
উদ্ধার হওয়া মাদকের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযানের কিছুক্ষণ আগে রাসেলসহ আরও দুইজন ওই ইয়াবাগুলো দোকানে রেখে চলে যায়। পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
