রাজস্থলীতে ‘ফ্যামিলি কার্ড’ বাছাইয়ে তথ্য সংগ্রাহক ও সুপারভাইজার নিয়োগের ভাইভা পরীক্ষা সম্পন্ন

11

॥ রাজস্থলী প্রতিনিধি ॥
সরকারের প্রতিশ্রুত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও যাচাই কার্যক্রমের প্রস্তুতি শুরু হয়েছে। এর অংশ হিসেবে তথ্য সংগ্রাহক ও সুপারভাইজার নিয়োগের জন্য রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় ভাইভা (মৌখিক) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকাল ১১টায় রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা সমাজসেবা বিভাগের আয়োজনে সরকারি বিধিমালা ও নির্দেশনা মেনে এই ভাইভা অনুষ্ঠিত হয়।
ভাইভা বোর্ডে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুপ হাসান এর সভাপতিত্বে অন্যান্যরা উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা লিছা চাকমা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজেরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সৃতি চাকমা এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা।
এ সময় নির্ধারিত পদগুলোর বিপরীতে মোট ৯৩ জন চাকরিপ্রার্থী ভাইভায় অংশগ্রহণ করেন।উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় স্বচ্ছতার সঙ্গে তথ্য সংগ্রহের জন্য মোট ১২ জন তথ্য সংগ্রাহক নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি আরও রাখা হবে অপেক্ষমাণ (ওয়েটিং) তালিকায়।
এছাড়া পুরো কার্যক্রম পর্যবেক্ষণের জন্য সুপারভাইজার পদে ১জনকে নিয়োগ দেওয়া হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুপ হাসান জানান, সরকারের এই গুরুত্বপূর্ণ কর্মসূচির আওতায় যাতে কোনো প্রকৃত বঞ্চিত ব্যক্তি বাদ না পড়েন এবং প্রকৃত উপকারভোগীদের সঠিক তথ্য সংগৃহীত হয়, তা নিশ্চিত করতেই এ স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে।