রাঙ্গামাটিতে চাঁদার দাবিতে পেঁপে বাগান কেটে দেয়ায় নিন্দা ও দোষিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি পিসিএনপি কেন্দ্রীয় কমিটির

30

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি শহরের রাঙ্গামাটির আসামবস্তি এলাকার ব্রাহ্মণ টিলায় ১০ লাখ টাকা চাঁদার দাবি পূরণ না হওয়ায় ব্যক্তি মালিকানাধীন একটি পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গাছ কেটে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে এই ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়।
শনিবার (১ আগস্ট) সকালে গণমাধ্যমে দেয়া পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান আব্দুল হামিদ রানা ও মহাসচিব মোহাম্মদ সোলায়মান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন, সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রামে চাঁদাবাজি, অপহরণ, চাঁদার দাবিতে মারধরসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।
আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি, পার্বত্য চট্টগ্রামে সক্রিয় সকল সন্ত্রাসী ও চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সাধারণ মানুষের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।
নেতৃবৃন্দ আরো বলেন, জনগণের রায়ে নব নির্বাচিত সরকার পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালি ও পাহাড়ি সকল জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় অভিযান পরিচালনার মাধ্যমে জনজীবনে শান্তি ও স্বস্তি ফিরিয়ে আনবে।
অনতিবিলম্বে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে পার্বত্য চট্টগ্রামের ভুক্তভোগী জনগণকে সঙ্গে নিয়ে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।