কাপ্তাই হ্রদে অবৈধ মাছ শিকার বিরোধী অভিযানে ইঞ্জিন চালিত নৌকাসহ ৩৩ হাজার বর্গফুট জাল জব্দ

110

॥ ঝুলন দত্ত, কাপ্তাই ॥
রাঙ্গামাটির কাপ্তাই লেকে অবৈধ মাছ শিকার বিরোধী অভিযানে একটি ইঞ্জিন চালিত নৌকা, দুইটি সাধারণ কাঠের নৌকা, ১৮ হাজার বর্গফুট সুতার জাল এবং ১৫ হাজার বর্গফুট কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)।
শুক্রবার (৩১ জুলাই) দুপুর ২টা থেকে রাত ১১টা ৪৫ মিনিট পর্যন্ত বিলাইছড়ি উপজেলার ফারুয়া এলাকার কাপ্তাই হ্রদে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বিএফডিসি কাপ্তাই উপকেন্দ্রের উপব্যবস্থাপক মো. জসিম উদ্দিন। তিনি জানান, কাপ্তাই হ্রদে অবৈধভাবে মাছ আহরণ বন্ধ এবং প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে নিয়মিতভাবে এই ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরো জানান, অভিযানে জব্দ করা একটি ইঞ্জিন চালিত নৌকা, দুইটি সাধারণ কাঠের নৌকা, ১৮ হাজার বর্গফুট সুতার জাল এবং ১৫ হাজার বর্গফুট কারেন্ট জাল বিএফডিসির হেফাজতে রাখা হয়েছে।
বিএফডিসির এই কর্মকর্তা বলেন, কাপ্তাই হ্রদের মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ মাছ আহরণকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।