এসডিজি ভিলেজ হিসেবে রাঙ্গামাটির মিতিঙ্গাছড়ি গ্রাম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

88

॥ ঝুলন দত্ত, কাপ্তাই ॥
আগামী ১০ আগস্ট রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিতিঙ্গাছড়ি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করবেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
একইদিন দেশের আরও দুটি গ্রামের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি মিতিঙ্গাছড়ি গ্রামকে আনুষ্ঠানিকভাবে এসডিজি ভিলেজ হিসেবে ঘোষণা করবেন বলে নিশ্চিত করেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানকে সামনে রেখে শুক্রবার (২৪ জুলাই) সকালে কাপ্তাইয়ের গ্রামটি পরিদর্শনকালে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম আরো জানান, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের অংশ হিসেবে সারাদেশে তিনটি গ্রামকে এসডিজি ভিলেজ হিসেবে উদ্বোধন করা হবে। এর মধ্যে রয়েছে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি গ্রাম, খুলনা জেলার দাকোপ উপজেলার পানখালী গ্রাম এবং দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার নাফানগর গ্রাম।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এসডিজির ১৭টি লক্ষ্য বাস্তবায়নের আলোকে মিতিঙ্গাছড়ি গ্রামে দারিদ্র্য বিমোচন, জলাবদ্ধতা নিরসন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবার উন্নয়ন, শিশু ও মাতৃমৃত্যুর হার হ্রাস, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থা, নারীর ক্ষমতায়ন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ, কৃষি ও জীবিকার উন্নয়ন এবং ডিজিটাল সেবা ও প্রযুক্তির সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করা হবে।
তিনি আশাবাদ ব্যক্ত করে আরো জানান, এসডিজি ভিলেজ হিসেবে মিতিঙ্গাছড়ি ঘোষণার মাধ্যমে গ্রামটির সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং এটি দেশের অন্যান্য গ্রামের জন্য একটি অনুসরণীয় উন্নয়ন মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে।
মিতিঙ্গাছড়ি গ্রাম পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন, ১০০ নম্বর ওয়াগ্গা হেডম্যান অরুণ তালুকদার, ইউপি সদস্য আবুল হাশেমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।