॥ আজহার হীরা, খাগড়াছড়ি ॥
খাগড়াছড়িতে সেনা বাহিনীর উদ্যোগে মাতৃভাষায় শিক্ষা পদ্ধতি চালু করা হয়েছে । খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলে এখন থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাতৃভাষার বর্ণমালা শিক্ষা প্রদান করা হবে।
সোমবার (২০ জুলাই) সকালে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অডিটরিয়ামে এই শিক্ষা ব্যাবস্থার উদ্বোধন করেন, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডয়ার জেনারেল কে এম ওবায়দুল হক।
এসময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্ণেল কাজী মুহাম্মদ আতিকুল হক, খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল আমিনুর রহমান ও নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের প্রধান শিক্ষক শিবাজী কুমার দে।
উল্লেখ্য, পার্বত্য অঞ্চলে ১১টি ভাষাভাষীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বসবাস করে। তন্মধ্যে খাগড়াছড়িতে বাঙ্গালী সম্প্রদায়ের পাশাপাশি চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের বসবাস। তারা প্রত্যেকেই তাদের মাতৃভাষায় কথা বলতে পারলেও নিজস্ব বর্ণমালা লিখতে ও পড়তে পারেনা। তাই ঐতিহ্যবাহী এসব ভাষা যাতে হারিয়ে না যায় সেই লক্ষে শিক্ষার্থীদের মাতৃভাষার বর্ণমালা শিক্ষার উদ্যোগ বলে জানিয়েছেন খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডয়ার জেনারেল কে এম ওবায়দুল হক।
খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্ণেল কাজী মুহাম্মদ আতিকুল হক জানান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাতৃভাষায় শিক্ষা প্রদানের জন্য ইতোমধ্যেই চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষার প্রশিক্ষকও নিয়োগ দেয়া হয়েছে। এখন থেকে শিক্ষার্থীরা নিয়মিত মাতৃভাষার বর্ণমালা শেখার সুযোগ পাবে।
