দুর্যোগ মোকাবিলায় সকলের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ-মাধবী মারমা এমপি

70

॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
বান্দরবানে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ৯২টি পরিবারের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করেছে কমিউনিটি ডেভেলপমেন্ট কনসার্ন (সিডিসি)।
শুক্রবার (১৭ জুলাই) সকালে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বন্যাদুর্গত পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও স্বাস্থ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মাধবী মারমা এমপি। কমিউনিটি ডেভেলপমেন্ট কনসার্ন (সিডিসি)-এর নির্বাহী পরিচালক জেমস ভানদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সিনিয়র পিএফ সজল মল্লিক।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সিডিসির প্রকল্প ব্যবস্থাপক লালরিন সাং বম, প্রোগ্রাম কো-অর্ডিনেটর জেনস লালথার ঙাক, প্রকল্পের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
এসময় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মাধবী মারমা এমপি বন্যাদুর্গত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে বলেন, দুর্যোগ মোকাবিলায় সকলের সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোয় সহযোগী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজকেরা জানান, প্রতিটি পরিবারকে ২০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ লিটার ভোজ্য তেল, ৫ কেজি আলু, ১ কেজি লবণ, ৫ লিটার বিশুদ্ধ পানি, এক বক্স খাবার স্যালাইন, দুটি গোসলের সাবান এবং দুটি কাপড় কাঁচার সাবান প্রদান করা হয়েছে।
তারা আরও জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি খাদ্য ও স্বাস্থ্যগত চাহিদা পূরণে এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক সেবা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।