॥ রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥
বান্দরবানের বন্যা-দুর্যোগ পরিস্থিতির সার্বিক উন্নতি হলে আগামী ১৬ জুলাই থেকে জেলার সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে। বড় ধরনের কোনো দুর্যোগ না থাকলে আগামী বৃহস্পতিবার থেকে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো আবার চালু হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এ কথা জানান জেলা প্রশাসক সানিউল ফেরদৌস।
তিনি বলেন, আবহাওয়া পরিস্থিতি উন্নত হওয়ায় ১৫ তারিখের পর পর্যটন বন্ধের নিষেধাজ্ঞা আর বর্ধিত করা হবে না। সেকারণে আগামী ১৬ জুলাই থেকে পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে।
জেলা প্রশাসক বলেন, বান্দরবানের অসংখ্য জনগণের জীবিকা এ পর্যটন শিল্পের সঙ্গে জড়িত। আর পর্যটন শিল্প বন্ধ থাকায় অনেকেই এখন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন। এ দুর্যোগে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছি আর এভাবে কাজ করলে যেকোনো দুর্যোগ মোকাবিলা করা সম্ভব হবে।
এর আগে গত ৮ জুলাই বন্যা ও পাহাড় ধসের ঝুঁকির কারনে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করে প্রশাসন। পরে পরিস্থিতি অবনতি হওয়ায় নিষেধাজ্ঞা ১৫ জুলাই পর্যন্ত বর্ধিত করা হয়। কিন্তু সোমবার থেকে বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ায় আবহাওয়া ভালো থাকায় ১৫ জুলাইর পর থেকে সেটি আর না বাড়ানোর সিদ্ধান্ত নেয় প্রশাসন।
টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে গত ৮ জুলাই থেকে বান্দরবানে দেখা দেয় বন্যা। এছাড়াও পাহাড় ধসে প্রাণ হারায় ৫ জন।
