কাপ্তাই হ্রদের পানির লেভেল ১০২ ফুট অতিক্রম, বিদ্যুৎ উৎপাদন ২২২ মেগাওয়াটের উপরে

63

॥ ঝুলন দত্ত, কাপ্তাই ॥
টানা কয়েকদিনের ভারী বর্ষণে কাপ্তাই হ্রদের পানির বৃদ্ধির পাওয়ায় এইবার রাঙ্গামাটির কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বেড়ে ২ শত ২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
আর বিগত এক সপ্তাহের অধিক সময় ধরে ভারী বর্ষণে উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি হু হু করে বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল হতে হ্রদের পানি ১০২.২৫ ফুট মিন সি লেভেল অতিক্রম করেছে, সেই সাথে সাথে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট হতে বিদ্যুৎ উৎপাদন ২শত ২২ মেগাওয়াট ছাড়িয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, মঙ্গলবার সকাল ৯টায় পানির লেভেল ছিল ১০২.২৫ ফুট মিন সি লেভেল। তিনি বলেন, কেন্দ্রের ৫টি ইউনিট হতে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২ শত ২২ মেগাওয়াট। যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন। এর আগে গত বছরের নভেম্বর মাস পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন ২ শত মেগাওয়াট ছাড়িয়ে গেলেও হ্রদে পানি স্বল্পতায় গত বছরের ডিসেম্বর হতে বিদ্যুৎ উৎপাদন ২ শত মেগাওয়াট এর নীচে চলে আসে।
এদিকে কাপ্তাই কর্ণফুলি পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীদের সাথে যোগাযোগ করা হলে তাঁরা জানান, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত কেন্দ্রের ১নং ও ২ নং ইউনিটে ৪৬ মেগাওয়াট করে ৩নং ইউনিটে ৫০ মেগাওয়ট, ৪নং এবং ৫নং ইউনিট হতে প্রতিটিতে ৪০ মেগাওয়াট করে ২ শত ২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ৫টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৪০ মেগাওয়াট। আর কাপ্তাই হ্রদে পানির ধারণ ক্ষমতা ১০৮ ফুট মিন সি লেভেল।