॥ ঝুলন দত্ত, কাপ্তাই ॥
বিগত এক সপ্তাহের অধিক সময় ধরে ভারী বর্ষণে উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি হু হু করে বৃদ্ধি পাচ্ছিল। রবিবার (১২ জুলাই) পর্যন্ত হ্রদের পানি ১ শত ফুট মিন সি লেভেল এর নীচে থাকলেও সোমবার (১৩ জুলাই) সকাল হতে হ্রদের পানি ১ শত ফুট মিন সি লেভেল অতিক্রম করেছে, সেই সাথে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫টি ইউনিট হতে বিদ্যুৎ উৎপাদন ২শত মেগাওয়াট ছাড়িয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, সোমবার সকাল ৯টায় পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির লেভেল ছিল ১০০.৬০ ফুট মিন সি লেভেল। যেখানে গতকাল রবিবার রাত পর্যন্ত পানির লেভেল ছিল ৯৯.১৫ ফুট মিন সি লেভেল। তিনি আরো বলেন, কেন্দ্রের ৫টি ইউনিট হতে সোমবার সকাল ৯টা পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২ শত ৬ মেগাওয়াট। যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন, এর আগে গত বছরের নভেম্বর মাস পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন ২ শত মেগাওয়াট ছাড়িয়ে গেলেও হ্রদে পানি স্বল্পতায় গত বছরের ডিসেম্বর হতে বিদ্যুৎ উৎপাদন ২ শত মেগাওয়াট এর নীচে চলে আসে।
এদিকে কাপ্তাই কর্ণফুলি পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীদের সাথে যোগাযোগ করা হলে তাঁরা জানান, সোমবার সকাল ৯টা পর্যন্ত কেন্দ্রের ১নং, ৩নং, ৪নং এবং ৫নং ইউনিট হতে প্রতিটিতে ৪০ মেগাওয়াট করে ১ শত ৬০ মেগাওয়াট এবং ২নং ইউনিট হতে ৪৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ৫টি ইউনিট এর বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৪০ মেগাওয়াট।
