॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এর মাসিক সভা রবিবার (৫ জুলাই) সকালে পরিষদের এনেক্স ভবনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন জানান, জেলায় সম্প্রতি বিভিন্ন দুর্গম এলাকায় ম্যালেরিয়া, ডায়রিয়া ও ডেঙ্গু আক্রান্তের তথ্য পাওয়া গেলেও তা নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে এবং উপজেলা পর্যায়ে ম্যালেরিয়া, ডায়রিয়া ও ডেঙ্গু নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে। ইতিমধ্যে ম্যালেরিয়া নিয়ন্ত্রনের জন্য ব্র্যাক ও স্বাস্থ্য বিভাগ মশারি ও প্রয়োজনীয় ঔষধ পত্র সরবরাহ করছে।
সভাপতির বক্তব্যে কৃষি, মৎস্য ও পশুপালন বিভাগ উন্নয়নে পরিষদের সবসময় সহযোগিতার কথা বলেন। সঠিক পরিকল্পনার মাধ্যমে উন্নয়ন প্রকল্পগুলো যাতে শতভাগ বাস্তবায়ন হয় এ বিষয়ে হস্তান্তরিত বিভাগ ও জেলা পরিষদের সমন্বয়ে কাজ করে যেতে সকলকে অনুরোধ জানান।
পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মো: রিজাউল করিম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্যবৃন্দ যথাক্রমে সদস্য দেব প্রসাদ দেওযান, সদস্য প্রতুল চন্দ্র দেওয়ান, সদস্য সাগরিকা রোয়াজা, সদস্য বৈশালী চাকমা, সদস্য দয়াল দাশ, সদস্য বরুন বিকাশ দেওয়ান, সদস্য নাইউ প্রু মারমা, সদস্য ক্যওশিং মারমা, সদস্য মিনহাজ মুরশীদ, সদস্য হাবীব আজম, সদস্য এড জনাব লুৎফুন্নেসা বেগম, সদস্য ড্যানিয়েল লাল মুয়ান সাঙ পাংখোয়া, পরিষদের ভুমি কর্মকর্তা মুহাম্মদ মামুনুল হক, প্রশাসনিক কর্মকর্তা আনন্দ তিষ্য চাকমাসহ হস্তান্তরিত বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা আলোচনায় অংশ করেন।
