॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটির বৌদ্ধ ধর্মীয় গুরু পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ ও রাঙ্গামাটি সংঘারাম বিহারের অধ্যক্ষ ভদন্ত শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫তম জন্মদিন উপলক্ষে জেলা শহরের ভেদভেদি এলাকার সংঘারাম বিহারে দিনব্যাপী নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে।
সংঘারাম বিহার পরিচালনা কমিটি ও সদ্ধর্মপ্রাণ দায়ক-দায়িকাবৃন্দের আয়োজনে রবিবার (৫ জুলাই) ভোর থেকে বিহার প্রাঙ্গণে বৌদ্ধধর্মীয় গুরু এবং উপাসক-উপাসিকারা নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংঘারাম বিহার পরিচালনা কমিটির সভাপতি অমরেন্দ্র কার্বারী জানান, দিন ব্যাপী নানা আয়োজনের মাধ্যমে বিহার অধ্যক্ষ ও উপসংঘরাজ বৌদ্ধ ধর্মীয় গুরু ভদন্ত শ্রদ্ধালংকার মহাথেরো ভিক্ষুর ৭৫ তম শুভ দিনে আমরা দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছি।
তিনি জানান, দিবসটি উপলক্ষে সকাল থেকে বিহারে বিশ্ব শান্তি কামনায় ধর্মীয় সূত্রপাঠ, পুজনীয় ভিক্ষু সংঘের প্রাতঃরাশ, ভিক্ষু সংঘকে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন, উদ্বোধনী সংগীত পরিবেশন, পঞ্চশীল প্রার্থনা ও গ্রহন, ভদন্ত শ্রদ্ধালংকার ভান্তের জন্ম দিনের কেক কেটে ও তার জীবনালেখ্য বইয়ের মোড়ক উম্মোচন, ভান্তেকে নতুন গাড়ী উপহার, উদযাপন কমিটি ও আগত অতিথিদের বরণ, পুজনীয় ভিক্ষু সংঘের সদ্ধর্ম দেশনা, বিভিন্ন দানীয় সামগ্রী উৎসর্গ, পিন্ড গ্রহন, অনুষ্ঠানে আগত দায়ক দায়িকাদের মধ্যহ্ন ভোজনের আয়োজন করা হয়েছে। আজ সন্ধ্যায় বিহার প্রাঙ্গণে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় হাজারো প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হবে বলে জানান তিনি।
বৌদ্ধ ধর্মীয় গুরু পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ ও রাঙ্গামাটি সংঘারাম বিহারের অধ্যক্ষ ভদন্ত শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন উপলক্ষে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি ভদন্ত প্রজ্ঞা জ্যোতি মহাথেরো, পার্বত্য ভিক্ষু সংঘ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক লোকমিত্র থেরো ভিক্ষু, মৈত্রী বিহার অধ্যক্ষ ভদন্ত পূন্য জ্যোতি মহাথেরো, রাঙ্গাপানি এলাকার ওথন মিয়ং ভাবনা কেন্দ্রের বুদুদভ মহাথেরো ভিক্ষু, খাগড়াছড়ি সদরের কমলছড়ি আম্রকানন বৌদ্ধ বিহারের অধ্যক্ষসহ আরো অন্যান্য ভিক্ষু শ্রামন ও বৌদ্ধ দায়ক দায়িকারা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে সকাল থেকে বিহার প্রাঙ্গণে শত শত বৌদ্ধাধর্মালম্বীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
