॥ কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই ॥
কাপ্তাই চট্টগ্রাম সড়কের লিচুবাগান থেকে কাপ্তাই লগ গেইট পর্যন্ত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের (বিএসপিআই) শিক্ষার্থীদের কাছ থেকে সিএনজি চালিত অটোরিক্সা বেশি ভাড়া আদায় করছে বলে বিএসপিআইয়ের শিক্ষার্থীরা মঙ্গলবার (৩০ জুন) কাপ্তাই উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপস্থিত হেয়ে অভিযোগ করেন।
শিক্ষার্থী আল আমীন বলেন, লিচুবাগান থেকে পূর্বে কাপ্তাই লগ গেইট পর্যন্ত সিএনজি ভাড়া নেওয়া হতো ৩৫ টাকা। আমরা ছাত্রছাত্রীরা এতদিন সেই হারে ভাড়া পরিশোধ করে যাতায়াত করছিলাম। কিন্তু গত কয়েকদিন ধরে কোন কথাবার্তা ছাড়া সিএনজি চালকরা লিচুবাগান থেকে কাপ্তাই লগ গেইট পর্যন্ত ৫০ টাকা হারে ভাড়া আদায় করছে। সন্ধ্যা হলে এই ভাড়া ৬০ থেকে ৭০ টাকা হয়ে যায়। আর রাত ৯টা বা ১০টা হলে ভাড়া জনপ্রতি ১০০ টাকা হারে আদায় করা হয়। আল আমীন বলেন, আমরা বিএসপিআই এর প্রিন্সিপ্যাল স্যারের কাছে এ ব্যাপারে প্রতিকার চেয়ে অভিযোগ করেছি। কিন্তু কোন ফল পাইনি। আল আমীন বলেন আমরা উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি উত্থাপন করছি। প্রতিকার না পেলে বিএসপিআই আড়াই হাজার শিক্ষার্থী আন্দোলনে যাবে বলেও তিনি জানান।
আইন শৃঙ্খলা কমিটির সভায় বিএসপিআই এর প্রিন্সিপ্যাল রুপক কান্তি পাল উপস্থিত ছিলেন। তিনি বলেন, বেশি ভাড়ায় আদায় নিয়ে ছাত্রদের মনে ক্ষোভ বিরাজ করছে। এই বিষয়কে কেন্দ্র করে যে কোন মুহুর্তে অপ্রিতিকর ঘটনা ঘটতে পারে। তাই কোন দুর্ঘটনা ঘটার আগেই আমরা বিষয়টি আইন শঙ্খলা কমিটির সভায় তুলে ধরেছি।
এসময় আইন শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হানুল ইসলাম, কাপ্তাই থানার উপ-পরিদর্শক সাইমুল ইসলাম, চন্দ্রঘোনা থানার উপ-পরিদর্শক আক্তারুজ্জামান, ৪১ বিজিবির প্রতিনিধি, কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল লতিফসহ কমিটির সকল সদস্য বৃন্দ।
আইন শৃঙ্খলা কমিটির সভাপতি কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হানুল ইসলাম বিএসপিআই এর শিক্ষার্থীদের ধৈর্য্য ধরার আহবান জানিয়ে বলেন, আমরা অতি দ্রুত সিএনজি চালক এবং চালক সমিতির সভাপতি সম্পাদকদের ডেকে একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে আসার চেষ্টা করবো। তবে তিনি বিএসপিআই এর প্রিন্সিপ্যাল রুপক কান্তি পালকে শিক্ষার্থীদের জন্য নিজস্ব পরিবহণের ব্যবস্থা করার কথা বলেন। বিএসপিআই এর শিক্ষার্থীদের নিজস্ব পরিবহণ সংগ্রহের ব্যাপারে প্রয়োজনে তিনি (ইউএনও) সংশ্লিষ্ট দপ্তরের উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথেও আলোচনা করবেন বলে জানান।
