রাঙ্গামাটিতে প্রমিলা জেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

57

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে প্রমিলা ফুটবলার সৃষ্টির লক্ষ্যে প্রথম বারের মতো রাঙ্গামাটিতে শুরু হলো জেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (প্রমীলা)।
শনিবার (২৭ জুন) বিকেলে নারী ফুটবলের বিকাশ ও খেলাধুলার মাধ্যমে নতুন প্রজন্মকে এগিয়ে নিতে প্রথমবারের মতো রাঙ্গামাটিতে শুরু হয়েছে জেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (প্রমীলা)। প্রমিলা টুর্নামেন্টে জুরাছড়ি উপজেলা প্রমিলা দল ৭-০ গোলে কাপ্তাই উপজেলা প্রমিলা দলকে পরাজিত করে।
জেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (প্রমীলা) এর উদ্বোধন করেন, জেলা প্রশাসক নাজমা আশরাফী।
এসময় রাঙ্গামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমীন, অতিরিক্ত জেলা প্রশাসক একরামুল হক ভূঁইয়া, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট নিশাত শারমিন, জেলা ক্রীড়া সংস্থার অ্যাড কমিটির আহবায়ক সাইফুল ইসলাম ভুট্টো প্রমুখ।
উদ্ভোধন কালে জেলা প্রশাসক নাজমা আশরাফী জানান, প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রতিভা খুঁজে বের করার পাশাপাশি নারীদের খেলাধুলায় আরও উৎসাহিত করাই আমাদের মূল লক্ষ্য। এই টুর্নামেন্টের মাধ্যমে রাঙ্গামাটিতে নারী ফুটবলের প্রসার ঘটবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, রাঙ্গামাটির নারী ফুটবলার ঋতু পর্ণা চাকমা ফুটবল বিশ্বে বাংলাদেশ তথা রাঙ্গামাটির নাম উজ্জ্বল করেছে। আজকের এই মাঠ থেকেও একদিন নারী ফুটবলাররা দাপিয়ে বেড়াবে।
টুর্নামেন্টে জেলার ১০ উপজেলার নারী ফুটবলাররা অংশগ্রহণ করছেন।